
এনটয় ডেস্ক : ডাইনি সন্দেহে মেমারি থানার দেবীপুর এলাকার গৌড়িপুর এলাকায় আদিবাসি এক বৃদ্ধা কে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো এলাকারই কয়েকজন আদিবাসি যুবকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৮৪ বছরের লক্ষ্মী হেমব্রম নামে ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। বাড়ি থেকে একশো মিটার দূরের একটি পানা পুকুর থেকে বৃদ্ধার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে মেমারি থানার পুলিশ। ৫ সেপ্টেম্বর শুক্রবার সকালের এই খুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যনার্জী সহ অনান্য পুলিশ আধিকারিকরা।

এলাকার বাসিন্দা সনাতন কিসকু বলেন, ‘কাল রাতেও আমি ঠাকুমা কে খাবার দিয়ে গিয়েছি। তখনও কোনরকম কিছু ছিলো না। আজ সকালে গরু নিয়ে যাবার সময়ে দেখি ঠাকুমার বাড়ির কাছ থেকে দেহ টেনে নিয়ে যাবার একটা দাগ। সন্দেহ হওয়ায় দাগ ধরে এগিয়ে দেখি পুকুরের পাড়ে গলা সহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপ দেওয়া দেহ পড়ে আছে।’ এলাকার লোকেদের কাছ থেকে জানা গিয়েছে কিছুদিন থেকেই লক্ষ্মী হেমব্রম নামে ৮৪ বছরের এই বৃদ্ধাকে অনেকেই ডাইনি অপবাদ দিয়েছিলো।

যদিও প্রকাশ্যে সে কথা কেউ জানাতে চায়নি। এলাকার এক আদিবাসি মোড়ল ধরণ হেমব্রম বলেন, ‘আমি অন্য জায়গায় থাকি। এখানে অন্য মোড়ল দেখে। শুনেছিলাম ডাউনি অপবাদ দেবার কথা। তবে পরিস্কারভাবে কিছু জানিনা।’ দেবীপুর অঞ্চলের গৌরীপুর এলাকায় বেশ কিছু আদিবাসি মানুষের বসবাস দীর্ঘদিন থেকেই। লক্ষী হেমব্রম বাড়িতে একাই থাকতো। অতিরিক্ত জেলার পুলিশ সুপার জানিয়েছেন, কি কারনে খুন সে বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে।

তবে প্রাথমিক তদন্তে কুসংস্কারের কারনেই এই খুন সেটা পুলিশ জানতে পেরেছে।’ পুলিশ ইতিমধ্যেই এলাকার চারজন কে গ্রেপ্তার করেছে। এলাকার লোকেরা জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই লক্ষ্মী কে ডাইন অপবাদ দিয়ে কার্যত একঘোরে করে রাখা হয়েছিল। তার উপরে নানাভাবে মানসিক অত্যাচারও চালানো হচ্ছিল।